মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একুশের প্রথম প্রহর থেকেই নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রাত ১২টার আগেই ফুল হাতে টুঙ্গিপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি শুরু হয়। প্রথমেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম ও টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী।
সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ট্যুরিস্ট পুলিশ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শহীদ মিনার প্রাঙ্গণে অনেককে খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নিতে দেখা যায়। কারও হাতে ছিল জাতীয় পতাকা, কারও হাতে ব্যানার ফেস্টুন। এ সময় সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশিত হলে পুরো এলাকা এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের বীজ রোপিত হয়েছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও উল্লেখ করেন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন ছিল সতর্ক অবস্থানে। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়।
এদিকে সকাল ১১টায় উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পুরো টুঙ্গিপাড়া এলাকাজুড়ে বিরাজ করে শোক, শ্রদ্ধা ও একুশের চেতনায় উদ্বুদ্ধ আবহ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন