জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। তবে উদ্ধারকৃত আলামত সরিয়ে ফেলার অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে জনতার চাপের মুখে ২৭ কেজি গাঁজা উদ্ধার করে আটক ব্যক্তিদের জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। ধাওয়া করে তাদের আটক করার পর মোটরসাইকেলে থাকা একটি বস্তায় গাঁজা পাওয়া যায়। পরে আটক দুজনকে ক্ষেতলাল থানার বড়তারা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এ সময় উদ্ধারকৃত গাঁজার একটি অংশ সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে- এমন অভিযোগ ওঠে ইউনিয়ন পরিষদের সচিব ফজলে রাব্বী এবং প্যানেল চেয়ারম্যানের বডিগার্ড সাদ্দামের বিরুদ্ধে। এই খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে সচিবকে অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করে।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, পরে বিষয়টি জেনেছেন। ইউনিয়ন সচিব ফজলে রাব্বী গাঁজা সরানোর অভিযোগ অস্বীকার করেছেন। তবে অভিযুক্ত সাদ্দাম ঘটনাস্থল থেকে সরে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
জেলা ডিবি পুলিশের এএসআই সাজেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজনদের ধাওয়া করলে তারা স্থানীয়দের হাতে ধরা পড়ে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন