দুই প্রবীণ নেতার কবর জিয়ারত করলেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ) প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৮:০৯ পিএম
দুই প্রবীণ নেতার কবর জিয়ারত করলেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

মানিকগঞ্জের ঘিওর ও গিলন্ড এলাকায় বিএনপির দুই প্রয়াত কিংবদন্তি নেতা- সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর কবর জিয়ারত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। 

সোমবার দুপুরে তিনি এই দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

আফরোজা খানম রিতা প্রথমে ঘিওর উপজেলার পাচুরিয়া এলাকায় খোন্দকার দেলোয়ার হোসেনের এবং পরে গিলন্ড মুন্নু সিটিতে হারুণার রশিদ খান মুন্নুর কবর জিয়ারত করেন। মানিকগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য শপথ নেওয়ার পর মন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নিজ এলাকায় এসে এই শ্রদ্ধা নিবেদন করলেন।

এ সময় আফরোজা খানম রিতা বলেন, খোন্দকার দেলোয়ার হোসেন ও হারুনার রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জের রাজনীতির দুই উজ্জ্বল নক্ষত্র। তাঁদের প্রদর্শিত পথেই মানিকগঞ্জ বিএনপি বর্তমানে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর নূরতাজ আলম বাহার, প্রয়াত মহাসচিবের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু ও খন্দকার আকতার হামিদ পবন। এছাড়া জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ এবং ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জেএইচআর