ঝালকাঠিতে চাঁদাবাজির প্রতিবাদে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি  প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৫:১৬ পিএম
ঝালকাঠিতে চাঁদাবাজির প্রতিবাদে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

ঝালকাঠিতে চাঁদাবাজির প্রতিবাদকে কেন্দ্র করে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহাম্মেদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা আরিফুল রহমান সজিবের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খানের ১৩ বছর বয়সী ছেলে সাকিন খান নামাজ শেষে বাসায় ফেরার পথে সজিব নামের এক যুবক তাকে রাস্তায় আটকায়। অভিযোগ রয়েছে, এ সময় সাকিনকে মারধর করে তার পকেট থেকে ৬০০ টাকা নিয়ে নেওয়া হয়।

ঘটনার পর সাকিনের মা স্থানীয় যুবদল নেতা রাজু আহাম্মেদের কাছে বিচার দাবি করেন। রাজু আহাম্মেদ তাকে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন বলে জানা গেছে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে বিকেলে গাবখান সেতুর পশ্চিম প্রান্তে এলাকাবাসী সজিব হাওলাদারের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে রাজু আহাম্মেদ ঘটনাস্থলে উপস্থিত হলে সজিব ও তার চাচাতো ভাই তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, সজিব হাওলাদার ‘দা’ দিয়ে রাজুর মাথায় আঘাত করেন এবং এলোপাতাড়ি কোপ দেন। এতে রাজুর মাথায় গুরুতর জখম হয় এবং হাতের রগ কেটে যায়।

স্থানীয়রা আহত রাজুকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাতে সেখানে তার অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে।

ঘটনার রাতেই ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর