কুলিয়ারচরে টয়লেটের ট্যাংকিতে শিশুর মরদেহ উদ্ধার

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৫:৩৩ পিএম
কুলিয়ারচরে টয়লেটের ট্যাংকিতে শিশুর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিখোঁজের ২৬ দিন পর ৪ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি কাঁঠালতলা এলাকায় নিজ বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশুটির দাদা টয়লেটের ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে ভেতরে নাতির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পঁচাগলা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। নিহত শিশু আশরাফুলের বাবা শাহীন কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) গাড়িচালক হিসেবে কর্মরত আছেন।

নিহতের পরিবার জানায়, গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরে দোলনায় শুইয়ে রেখে বাড়ির আঙিনা ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর বড় ছেলে এসে জানায় যে, ছোট ভাই দোলনায় নেই। এরপর থেকেই শিশুটি নিখোঁজ ছিল এবং পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানান, নিখোঁজের পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে আসছিল। মরদেহ উদ্ধারের পর নতুন করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং জড়িত কেউ থাকলে তাদের আইনের আওতায় আনা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জেএইচআর