ফেনীর ফুলগাজীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১টার দিকে ফুলগাজী বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা। সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের তৎপরতা রোধে এই বিশেষ তদারকি করা হয়।
অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ফল ব্যবসায়ী মো. হালিম (৪৭), মো. তৌহিদুল ইসলাম (২১) এবং মো. রাসেল (২৭)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে প্রতিটি দোকানে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা জানান, জনভোগান্তি লাঘবে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার নিশ্চিত করতে কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন