কুষ্টিয়া সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:৪৩ পিএম
কুষ্টিয়া সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা দেখা দেওয়ায় সীমান্তপথে তেলের অবৈধ পাচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে বিশেষ নজরদারি শুরু করা হয়েছে।

বিজিবি সূত্র জানায় যে বৈশ্বিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি এবং অধিক মুনাফার আশায় জ্বালানি তেল মজুত কিংবা সীমান্ত দিয়ে পাচারের অপচেষ্টা চালাতে পারে। এমন আশঙ্কা বিবেচনায় বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই লক্ষ্য বাস্তবায়নে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তজুড়ে নিয়মিত টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের ওপর নিবিড় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

বিজিবি আরও জানায় যে দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িত যে কারও বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি।

জেএইচআর