আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চের সংখ্যা বাড়ানো, ঘাট প্রস্তুত রাখা, যাত্রীদের সুবিধার্থে সড়ক ও ঘাট এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, লুজ কালেকশন বন্ধ রাখা এবং পরিবহন কাউন্টারের সংশ্লিষ্টদের নির্ধারিত পোশাক পরিধান নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো এবং ঈদকে কেন্দ্র করে অপরাধীদের অপতৎপরতা রোধে নজরদারি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। ফেরিতে ছিনতাইকারীরা সক্রিয় হয়ে ওঠার আশঙ্কায় নৌ-পুলিশকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
যাত্রী পারাপারের জন্য ফেরির পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া ও পাটুরিয়া-কাজীরহাট নৌরুটে মোট ৩৩টি লঞ্চ চলাচল করবে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ঈদের তিন দিন আগে থেকে ঈদের তিন দিন পর পর্যন্ত মোট ছয় দিন কাঁচামাল বোঝাই ট্রাক ছাড়া অন্যান্য ট্রাক পারাপার বন্ধ রাখা হবে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। একই সঙ্গে ঈদের পাঁচ দিন আগে এবং ঈদের পাঁচ দিন পরে মোট ১০ দিন মাটিবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা ঘাট সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এবং ঘাটে যেন যাত্রী হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবে। কিছু অসাধু ব্যক্তি শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনার প্রমাণ পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, এ বছর ঈদে ঘাট দিয়ে ঘরমুখো মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বাড়ি পৌঁছাতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানি ও ভাড়া মনিটরিংয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন