চুরি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে নবাগত এসপির কঠোর হুঁশিয়ারি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৫:১২ পিএম
চুরি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে নবাগত এসপির কঠোর হুঁশিয়ারি

ময়মনসিংহ জেলায় চুরি, ছিনতাই, যানজট এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। 

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার উল্লেখ করেন, ময়মনসিংহের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো প্রকার আপস করা হবে না। বিশেষ করে মাদক এবং ছিনতাইয়ের মতো সামাজিক ব্যাধিগুলোকে কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি স্পষ্ট জানান, অপরাধ দমনে পুলিশ আগের চেয়ে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করবে।

শহরবাসীর দীর্ঘদিনের প্রধান ভোগান্তি ‘যানজট’ নিরসনে বিশেষ গুরুত্বারোপ করেন এসপি মোহাম্মদ কামরুল হাসান। তিনি ট্রাফিক বিভাগকে আরও গতিশীল, আধুনিক ও কার্যকর করার মাধ্যমে রাস্তাঘাট জনসাধারণের চলাচলের উপযোগী রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দেন।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অপরাধীদের সঠিক তথ্য পেতে এবং জননিরাপত্তা বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ময়মনসিংহে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক বিভিন্ন সমস্যাগুলো নবাগত পুলিশ সুপারের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন।

জেএইচআর