মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৭:১৭ পিএম
মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় অবস্থিত এমডি-১/এস-৬ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (মাগুরা-২) ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে নদী-নালা ও খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসন সম্ভব হয়। এই খাল পুনঃখননের ফলে এলাকার কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং বর্ষা মৌসুমে পানি জমে থাকার সমস্যা অনেকটাই কমে যাবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, খাল ও জলাধার পুনঃখননের মাধ্যমে এলাকার প্রাকৃতিক পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সব ধরনের সহায়তা প্রদান করবে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) মাগুরার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, খালটির পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর