পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় এই অভিযানে যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড এবং তিনজনকে জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঘাটের মাহেন্দ্র স্ট্যান্ড, বাস টার্মিনাল ও ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালনকালে অতিরিক্ত ভাড়া আদায় করায় একটি বাস কাউন্টারের টিকিট বিক্রেতাকে ৫ হাজার টাকা, এক মাহেন্দ্র চালককে ১ হাজার টাকা এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে এক চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে। এছাড়া যাত্রী হয়রানির গুরুতর অভিযোগে দুই ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন