মাটিরাঙ্গায় জোন কমান্ডারের উদ্যোগে ঈদ ও বিজু উপহার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৭:৫৬ পিএম
মাটিরাঙ্গায় জোন কমান্ডারের উদ্যোগে ঈদ ও বিজু উপহার বিতরণ

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর ও পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব 'বিজু' উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক পাহাড়ি ও বাঙালি দুস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে সেমাই, চিনি, দুধ, বাদাম, চাল, ডাল ও তেলসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। পাহাড়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

উপহার গ্রহণকালে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সামনে আমাদের বিজু উৎসব। এই সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার পেয়ে আমরা খুব খুশি। জোন কমান্ডার আমাদের কষ্টের কথা ভাবেন, এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। একইভাবে স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ বাঙালি জানান, ঈদের আগে পাওয়া এই উপহার তাঁদের অভাবের সংসারে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের সুখে-দুখে পাশে আছে। ঈদ ও বিজু এই দুটি উৎসবই পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এই উৎসবের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মো. হাসনাঈন জালালীসহ সামরিক পদস্থ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর