লালমনিরহাটে শিল্পায়ন ত্বরান্বিত করতে উচ্চপর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৪:০২ পিএম
লালমনিরহাটে শিল্পায়ন ত্বরান্বিত করতে উচ্চপর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়ন জোরদারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মামুন তিতুমীর। এছাড়া সভায় লালমনিরহাট-২ ও ৩ আসনের সংসদ সদস্যবৃন্দ, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ড. তিতুমীর বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। তিনি আশ্বস্ত করেন যে, এ বিষয়ে স্থানীয় পর্যায়ের মতামত ও প্রস্তাবনাগুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বিগত সরকারের উন্নয়ন নীতির সমালোচনা করে বলেন, গত আমলে রংপুর বিভাগে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন বরাদ্দ ছিল না। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন খাতে পর্যাপ্ত অর্থায়ন না হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে নতুন পরিকল্পনার মাধ্যমে এই অঞ্চলের শিল্পায়ন ত্বরান্বিত করা হবে। তিনি লালমনিরহাট ও কুড়িগ্রামের উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

জেএইচআর