বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আইন ও সমাজকল্যাণ সম্পাদক এবং ফেনী সাহিত্য ফোরামের সভাপতি, লেখক ও গবেষক মাওলানা কাজী সিকান্দার আর নেই।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী পিকনিক স্পটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকালে মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আনন্দ ভ্রমণে সঙ্গী মাওলানা আজিজ উল্লাহ আহমদী জানান, ঘটনার দিন সকালে ফেনী সাহিত্য ফোরামের আয়োজনে তারা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী পিকনিক স্পটে গিয়েছিলেন। কাজী সিকান্দারের সভাপতিত্বে আয়োজিত এ পিকনিকে তার তিন সন্তানও আমাদের টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।
পিকনিক স্পটে দুপুরের খাবার খাওয়ার পর কাজী সিকান্দার হঠাৎ মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিকভাবে আমরা তাকে স্বাভাবিক করার চেষ্টা করলেও সফল হইনি এবং দ্রুত সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী সাহিত্য ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর ছিদ্দিক জানান, মুফতী কাজী সিকান্দার ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর বাদামতলী এলাকার জামাল কাজী বাড়ির মরহুম মোকলেসুর রহমানের ছোট ছেলে।
ইসলামী যুব আন্দোলনের ফেনী জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী বলেন, কাজী সিকান্দার ভাই বহুমুখী প্রতিভার অধিকারী একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি একাধারে কবি, সাহিত্যক ও লেখক ছিলেন এবং বিভিন্ন সংগঠনের দায়িত্বও পালন করতেন।
তিনি আরও জানান, বিগত ৬ বছরে তার লেখা অন্তত ২০টি বই প্রকাশিত হয়েছে। তাঁর মৃত্যুতে আমরা হারিয়েছি এক তরুণ প্রতিভা। জাতি একজন ইসলামী গবেষককে হারিয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন