জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে সংঘটিত গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান আলী, কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুর রব বুলু, বীর মুক্তিযোদ্ধা হাবলুসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে ইউএনও সেলিম আহম্মেদ বলেন, “২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক নৃশংস অধ্যায়, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি।”
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন