দৌলতদিয়ায় বাসডুবি

নিখোঁজ ভাইয়ের সন্ধানে বোনের আকুতি, উদ্ধার অভিযান তৃতীয় দিনে

মিঠুন গোস্বামী, রাজবাড়ী প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৫:০৮ পিএম
নিখোঁজ ভাইয়ের সন্ধানে বোনের আকুতি, উদ্ধার অভিযান তৃতীয় দিনে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

শুক্রবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল সম্মিলিতভাবে এই তল্লাশি কার্যক্রম শুরু করে। 

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, দুর্ঘটনার পর অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় কোনো মরদেহ ভেসে ওঠার সম্ভাবনা মাথায় রেখে স্পিডবোট নিয়ে আশপাশের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

উদ্ধার অভিযানের মধ্যেই নিখোঁজ এক ব্যক্তির সন্ধান চেয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে এসেছেন মুক্তা নামের এক নারী। তিনি জানান, তাঁর ভাই রিপন বুধবার রাজবাড়ী থেকে ঢাকামুখী একটি বাসে চড়েছিলেন, কিন্তু এখনো কর্মস্থলে পৌঁছাননি। রিপন কোনো মোবাইল ফোন ব্যবহার না করায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পরিবারের ধারণা, রিপন দুর্ঘটনাকবলিত সৌহার্দ্য পরিবহনের সেই বাসটির যাত্রী হয়ে থাকতে পারেন।

উল্লেখ্য, গত বুধবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিটি মরদেহ ইতিমধ্যে শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দাফনের জন্য প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় পুরো জেলা জুড়ে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

জেএইচআর