রামেক হাসপাতালে শিশু মৃত্যুতে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ, আনা হলো ৭ ভেন্টিলেটর

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:২৬ পিএম
রামেক হাসপাতালে শিশু মৃত্যুতে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ, আনা হলো ৭ ভেন্টিলেটর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউ সংকটে শিশু মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সমবেদনা জানান।

সচিব বলেন, রাজশাহীতে শিশুদের এই মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। তিনি বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে জানান, পরিস্থিতি মোকাবিলায় ঢাকা থেকে জরুরি ভিত্তিতে সাতটি ভেন্টিলেটর আনা হয়েছে। এছাড়া অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত শিশুদের প্রয়োজনে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে আইসিইউ সাপোর্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে সকালে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আইসিইউ ঘুরে দেখেন। তারা হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সচিব জানান, রাজশাহী শিশু হাসপাতাল, সদর হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতালের অবকাঠামো দ্রুত সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে রাজশাহী শিশু হাসপাতালটি আংশিকভাবে চালু করা হবে। সেখানে প্রাথমিকভাবে বহির্বিভাগ সেবা শুরু হবে এবং আগামী অর্থবছরে পূর্ণাঙ্গ সেবা চালুর লক্ষ্য রয়েছে।

শিশুদের মধ্যে হামের বিস্তার প্রসঙ্গে তিনি বলেন, অতীতে টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটায় এই রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তবে ইতোমধ্যে ৬০৪ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে দেশব্যাপী বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

জেএইচআর