হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজারের উত্তর পাশে রাজসুরত কমিউনিটি ক্লিনিকের সামনে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ২টা ৪০ মিনিটে উপজেলার দ্বিগাম্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেট-সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের ঢাকা মেট্রো-ব (১৫-০৭৬৫) বাসটি বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের দ্বিগাম্বর বাজারের উত্তর পাশে রাজসুরত কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীর মধ্যে অন্তত ১০ জন আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্বিগাম্বর বাজারের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে রেকার দিয়ে বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং যানজট নিরসন করা হয়েছে। বাসটি বর্তমানে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন