সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার দুপুরে সড়ক বিভাগ নীলফামারীর আয়োজনে শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম সিনথিয়া এবং উপ-সহকারী প্রকৌশলী জুয়েলুর রহমান। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নীলফামারীতেও এই কর্মসূচি শুরু হয়েছে।
তিনি উল্লেখ করেন, সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পতিত জায়গা, নদী-নালা ও খাল-বিলসহ সড়কের ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে। সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন।
তিনি জানান, আগামী এক বছরে জেলা, আঞ্চলিক ও মহাসড়কের ধারে ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির মোট তিন হাজার গাছের চারা রোপণ করা হবে। এরই অংশ হিসেবে সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়কে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন