সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেছে টাঙ্গাইল সড়ক বিভাগ।
বুধবার সকালে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হচ্ছে।
এই বনায়ন কার্যক্রম ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি রোপণ করা এসব বৃক্ষ পথচারী ও যাত্রীদের জন্য ছায়া প্রদানেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিতভাবে সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যাত্রীদের জন্যও উপকারী হবে।
কর্মসূচি চলাকালে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এর মধ্যে সোনালু, জারুল ও নিম গাছের প্রায় ৫ শতাধিক চারা রোপণ করা হয়।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন আশা প্রকাশ করেন, ধারাবাহিকভাবে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি পরিবেশবান্ধব সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন