চাঁদপুর আড়াইশ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন- সাহাব উদ্দিন (২৫), শাকিল খান (১৯), মাসুদ (৩৫) ও গোলাম রাব্বি (২৭)। তারা সবাই চাঁদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
অভিযান শেষে গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত অন্য দালালরা দ্রুত পালিয়ে যায়। এছাড়া অভিযানে কোনো নারী পুলিশ সদস্য না থাকায় ওই সময় উপস্থিত নারী দালালদের আটক করা সম্ভব হয়নি। আটককৃত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি হাসপাতালে আসা সাধারণ রোগীদের হয়রানি বন্ধ এবং দালাল চক্র নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে। হাসপাতাল এলাকাকে দালালমুক্ত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক হাসপাতাল পরিদর্শন করেন। ওই সময় তিনি সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে হাসপাতাল থেকে দালাল নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছিলেন। সংসদ সদস্যের সেই নির্দেশনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ডিবি পুলিশের এই সফল অভিযান পরিচালিত হলো। এতে সাধারণ রোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন