গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস নিয়ে বিরোধে হত্যা, মূল আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৮:১৬ পিএম
গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস নিয়ে বিরোধে হত্যা, মূল আসামি গ্রেপ্তার

গাইবান্ধায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গোলজার রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। বুধবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার গোলজার রহমান উত্তর ঘাগোয়া (টেঙ্গরজানি) গ্রামের মৃত আব্দুর সামাদের ছেলে।

র‍্যাব জানায়, ২০২৫ সালের ২২ জুন রাতে একটি বিয়ে বাড়ির খাবার অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে গোলজার ও তার সহযোগীদের সাথে বিরোধ বাধে। একপর্যায়ে মনোয়ারা বেগম নামের এক নারী ভুক্তভোগী ছায়দার আলীর মুখে ভাতের প্লেট ছুড়ে মারেন।

এই অন্যায়ের প্রতিবাদ করলে গোলজার রহমানসহ সহযোগীরা লাকড়ি ও লোহার রড দিয়ে ছায়দার আলীর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকেলে তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর