শাহে আলম

গত ১৭ বছরে উন্নয়নের বুলি শোনা গেলেও বাস্তবে কাজ হয়নি

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৪:১১ পিএম
গত ১৭ বছরে উন্নয়নের বুলি শোনা গেলেও বাস্তবে কাজ হয়নি

বিগত ১৭ বছরে দেশে উন্নয়নের কথা মুখে বলা হলেও বাস্তবে কোনো দৃশ্যমান কাজ হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী পার্ক বাজার (মাহমুদুল হাসান চাঁদ বাজার) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে আগের সরকারের উন্নয়নের অসারতা এখন পরিষ্কার হয়ে ধরা পড়ছে। পার্ক বাজারের রাস্তা ও সার্বিক উন্নয়নের বিষয়ে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।

জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে মীর শাহে আলম বলেন, দেশে তেলের কোনো সংকট নেই। সরকার আগামী তিন মাসের আগাম পরিকল্পনা গ্রহণ করেছে এবং আমদানি ও সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ে সরকার কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার ও বিপণিবিতান বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনগণের দুর্ভোগ কমাতে স্থানীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জেএইচআর