স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে ফেসবুকে সরব হচ্ছেন প্রার্থীরা

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৩:১১ পিএম
স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে ফেসবুকে সরব হচ্ছেন প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রার্থীদের ছড়াছড়ি লক্ষ্য করা গেছে। চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলা।

৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার হাতে আওয়ামী লীগ সরকারের পতনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদ তথা ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার সারা দেশের ন্যায় গোয়ালন্দ উপজেলা পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান এবং মেয়র-কাউন্সিলরদের প্রজ্ঞাপন জারি করে স্ব স্ব অবস্থান থেকে অব্যাহতি দেয়। তখন থেকেই নিজ কার্যালয়ের দায়িত্বের পাশাপাশি গোয়ালন্দ উপজেলা ও পৌরসভায় প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অপরদিকে উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় সেখানে চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালন করছেন সরকারি কর্মকর্তারা।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। দলীয় ও বিরোধী নেতাদের পাশাপাশি নতুন দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মধ্যেও নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে। সরব হয়ে উঠেছে নির্বাচনের মাঠ।

চায়ের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগ্রহী প্রার্থীরা তাদের সমর্থকদের মাধ্যমে বিভিন্ন ব্যানারে প্রার্থিতা ঘোষণা করছেন। বিভিন্ন প্রার্থীর ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে হাটবাজারের অলিগলিতে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে, চায়ের দোকানে, বিভিন্ন জনসমাগমস্থলে, বিদ্যুতের খুঁটি, গাছের গায়ে, এমনকি যানবাহনের পেছনেও।

রাজনৈতিক আলোচনার সবচেয়ে জনপ্রিয় স্থান চায়ের দোকানগুলোতেও প্রার্থী নিয়ে তুমুল আলোচনা চলছে। বিভিন্ন চায়ের আড্ডা থেকে জানা যায়, গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রবাসী আব্দুল হালিম মিয়া, সাবেক চেয়ারম্যান শিল্পপতি মো. মোস্তফা মুন্সীসহ বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।

গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সহ-সভাপতি মাহবুব আলম শাহীন, সাবেক কাউন্সিলর মো. ফরিদ দেওয়ান, বিএনপি নেতা জহিরুল হক লাবলু ও মো. আমজাদ হোসেন মোল্লার নাম আলোচনায় রয়েছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খান, বিএনপি নেতা আব্দুল হালিম ফকির, ডা. নাসির উদ্দিন, অধ্যাপক মো. নুরুল ইসলাম মিয়া (বকুল), তরুণ সমাজসেবক প্রবাসী সালমান জেড রহমান ও প্রবাসী মোহাম্মদ হোসাইনের নাম শোনা যাচ্ছে।

অপরদিকে দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি নেতা মো. জামাল মুন্সী, মো. নজরুল মোল্লা ও মো. ফরিদ সরদারের নাম আলোচনায় রয়েছে।

এছাড়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডে দলীয়, তরুণ ও সাধারণ মানুষের মধ্যেও একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন। এসব প্রার্থীদের অনেকেই নিজ নিজ এলাকার মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়ে প্রার্থিতা ঘোষণা করছেন।

এএন