ব্যবসায়ীর জমি দখল করে বহুতল ভবন নির্মাণ, দোকানে তালা

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৬:০৯ পিএম
ব্যবসায়ীর জমি দখল করে বহুতল ভবন নির্মাণ, দোকানে তালা

রাজবাড়ীর কালুখালী উপজেলার লাড়িবাড়ী বাজারের মো. আমির আলী শেখ (৫০) নামের এক ব্যবসায়ীর জমি জবরদখল করে বহুতল ভবন নির্মাণ, বসতবাড়ীতে হামলা ও ভাংচুর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে ভুক্তভোগী ব্যবসায়ী ও তার সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী আমির আলী শেখ বলেন, “আমার চার ছেলে। সবাই কুরানের হাফেজ। আমার লাড়িবাড়ী বাজারে দুইটি কাপড়ের দোকান আছে, যেগুলো আমার ছেলেরা চালায়। এছাড়া বাজারের উত্তর পাশে পাংশা-মৃগীবাজার সড়কের সাথে ৬ শতাংশ জমি দীর্ঘদিন আগে ক্রয় করেছি। সেখানে একটি সিমেন্টের খুটির কারখানা রয়েছে, যা ভাড়া দেওয়া আছে।

তবে এই জমির পাশের বি-কয়া এলাকার মৃত মাহাবুবুর রহমানের ছেলে কিবরিয়া মোল্লা ৮২ শতাংশ জমিতে বহুতল ভবন নির্মাণ করছে। তিনি আমার জমির উপর দিয়ে ভবন নির্মাণ করছেন, যদিও মাপ ঠিক করা হয়নি। বাজার কমিটির মাধ্যমে একাধিকবার মাপ নেওয়ার পরও তিনি জমি জবরদখল করে ভবন নির্মাণ চালিয়ে যাচ্ছেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি কিবরিয়া মোল্লার সাথে আমার ছেলে ইব্রাহিম শেখ এর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মারামারি হয়। পরে কিবরিয়া মোল্লা তার লোকজন নিয়ে আমার বসতবাড়িতে রামদা, লোহার রড, হাতুড়ি দিয়ে হামলা চালান এবং মূল্যবান জিনিসপত্র লুট করেন। বাজারের দোকান লুটপাট করার চেষ্টা হলেও বাজার কমিটি বাধা দেয়। এর পর থেকে এক মাসেরও বেশি সময় ধরে আমি এবং আমার সন্তানেরা দোকানে যেতে পারি না। ঈদেও দোকান খোলা হয়নি। একাধিকবার পুলিশ ও বাজার কমিটির কাছে অভিযোগ করা হলেও ফল পাওয়া যায়নি। আজ সকালে বাজার কমিটি দোকানগুলো খুলে দিয়েছে, তবে এখনো আমার জমির উপর জবরদখল করে ভবন নির্মাণ চলছে।”

অপর পক্ষে কিবরিয়া মোল্লা বলেন, “আমি ভবন নির্মাণের আগে আমির আলীকে মাপ নেওয়ার কথা বলেছিলাম। তিনি পাত্তা দেননি। আড়াই ফুট ফাঁকা রেখে কাজ শুরু করেছি। ব্যাজ ডালাইয়ের সময় আমির আলী বাজারের লোকজন দিয়ে বাধা দিয়েছিল। পরের দিন কম্পিউটারে মাপ নেওয়া হয়, যেখানে ৫ ইঞ্চি ভেতর ঢুকে যায়। মাপ নেওয়ার সময় বাজার কমিটি ছিল, তাহলে মাপ ঠিক হলো না কেন? বাজার কমিটি ঘুষ খেয়েছে।”

তিনি আরও বলেন, “আমিরের ছেলে ইব্রাহিম ২৮ ফেব্রুয়ারি আমাকে রামদা দিয়ে আঘাত করেছে। আমি বাড়িতে হামলা করিনি। একজনের সাথে মারামারি হয়েছে, তাই ৬ জনকে আসামী করে মামলা কেন?”

লাড়িবাড়ী বাজার কমিটির সভাপতি আনিচ মোল্লা জানান, “মারামারিকে কেন্দ্র করে দোকানপাট লুটপাট হওয়ার আশঙ্কায় আমরা দোকানে তালা দিয়েছিলাম। আজ সকালের উপস্থিতিতে দোকানগুলো খুলে দেওয়া হয়েছে।”

এএন