চাঁদপুরে হামের প্রাদুর্ভাব রুখতে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:৩৬ পিএম
চাঁদপুরে হামের প্রাদুর্ভাব রুখতে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি

দেশব্যাপী হামের প্রাদুর্ভাবের কারণে চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ করে হামের টিকা দেয়ার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। ৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি।

রোববার সকাল সাড়ে ১০টায় শহরের উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিশেষ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন।

সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, হঠাৎ করে হামের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা এই কর্মসূচির আওতায় রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭২,৮৭৪ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বীন বলেন, ইতোমধ্যে সদর, পৌরসভা ও হাইমচর উপজেলায় ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। অভিভাবকদের সচেতন করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। শিশুদের টিকা দেয়ার জন্য প্রত্যেক গ্রাম ও মহল্লার নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ৭ থেকে ২২ মার্চ পর্যন্ত চাঁদপুর জেলায় ইতোমধ্যে হামে আক্রান্ত হয়ে ৩ শিশু মৃত্যু বরণ করেছে। মৃত শিশুরা হলেন- চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের মনির হোসেন মুন্নারের ছেলে ৯ মাস বয়সী আব্দুল্লাহ, বাগাদী ইউনিয়নের পশ্চিম বাগাদী ঢালী বাড়ির নাজমুল হাসানের ৮ মাস বয়সী মেয়ে তাইয়েবা ইসলাম নুর, এবং শহরের মাদ্রাসা রোডের ইসহাকের ৯ মাস বয়সী মেয়ে রুকাইয়া।

এএন