ঝিনাইদহে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৪:২৪ পিএম
ঝিনাইদহে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের দাবিতে মানববন্ধন

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশকে আইনে রূপান্তরের দাবিতে ঝিনাইদহে র‍্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে তামাকবিরোধী নারী জোটের পক্ষ থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে জোটের নেতৃবৃন্দ ছাড়াও মানবাধিকার কর্মী, উন্নয়ন কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

সেসময় উই’র পরিচালক শরিফা খাতুন, জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তহুরা খাতুন, উন্নয়ন কর্মী হায়দার আলী, ব্র্যাক প্রতিনিধি শিপ্রা বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব দিনদিন বাড়ছে উল্লেখ করে বিদ্যমান অধ্যাদেশকে দ্রুত আইনে রূপান্তর করে কার্যকর বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এএন