ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আয়োজনে ২০২৬ সালের সরকারি ও বেসরকারি হজযাত্রীদের দুই দিনব্যাপী (৫-৬ এপ্রিল) হজ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।
সোমবার দুপুরে শহরের শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোর-এ শহীদ ময়দানের খতিব মাওলানা মো. মতিউর রহমান কাশেমী, মাওলানা মো. জুবাইর সাইদ এবং ডেপুটি সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শাহ মুহাম্মদ শরীফ।
ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় কর্মশালায় হজযাত্রীদের জন্য হজের ধর্মীয় বিধিবিধান, সৌদি আরবে স্বাস্থ্য সচেতনতা, হজযাত্রীদের করণীয় ও বর্জনীয় বিষয় এবং হজ্জ গাইডদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া হজের ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও মুক্ত আলোচনার মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বালুবাড়ী শাহী মসজিদের খতিব মাওলানা মো. শওকত আলী মোনাজাত পরিচালনা করেন। দুই দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণ করে হজযাত্রীরা হজের সঠিক নিয়ম ও সৌদি আরবের নিয়মকানুন সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রশিক্ষণের ফলে হাজীদের যাত্রা ও ইবাদত পালন আরও সহজতর হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন