মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১১:৫২ এএম
মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভাধীন মুসলিমপাড়া এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল এলাকায় একটি শক্তিশালী ওয়াটার পাম্প (পানির মোটর) এলাকাবাসীর কাছে পৌঁছে দেন।

সোমবার বিকেলের দিকে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া এলাকায় এই পাম্প স্থাপনের কাজ সম্পন্ন হয়। এর মাধ্যমে ওই এলাকার কয়েকশ পরিবারের দীর্ঘদিনের পানির ভোগান্তির অবসান ঘটবে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় পানির স্তর অনেক নিচে থাকায় সাধারণ নলকূপে পানি পাওয়া যেত না। বিশেষ করে গরমের সময়ে পানির জন্য দূর-দূরান্তে যেতে হতো। বিষয়টি জানার পর জননেতা ওয়াদুদ ভূইয়া দ্রুত সময়ের মধ্যে পাম্প স্থাপনের ব্যবস্থা করেন।

পাম্প স্থাপনকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, “ওয়াদুদ ভূইয়া সবসময় পাহাড়ের মানুষের মৌলিক সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। মুসলিমপাড়ার মানুষের কষ্ট লাঘবে খাগড়াছড়ি আসনের এমপি মহোদয়ের উপহার এলাকার মানুষের পানির অভাব পূরণ করবে। জনগণের কল্যাণে বিএনপির এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় মাটিরাঙ্গা পৌর যুবদলের সভাপতি গিয়াসউদ্দিনসহ মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ওয়াদুদ ভূইয়ার প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুসলিমপাড়ার বাসিন্দারা।

এএন