নেত্রকোনার মোহনগঞ্জে তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে শিক্ষার্থীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন। মঙ্গলবার সকালে মোহনগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে ওসি মো. হাফিজুল ইসলাম হারুন শিক্ষার্থীদের উদ্দেশে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং এবং মোবাইল ফোনের অপব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; তাদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
সভায় মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের নেতিবাচক দিক এবং ইভটিজিংয়ের ফলে একটি মেয়ের জীবনে নেমে আসা করুণ বাস্তবতার চিত্র তুলে ধরা হলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। ওসি আরও যোগ করেন, মাদক এখন আমাদের সমাজের সবচেয়ে বড় হুমকি। তোমাদের মাধ্যমেই আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে। তাই নিজেদের ভবিষ্যৎ গড়তে সঠিক পথে থাকতে হবে এবং সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড পরিহার করতে হবে।
উন্মুক্ত এই আলোচনা সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করতে এবং অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ওসির এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় সুধীমহল ও অভিভাবকদের মধ্যে প্রশংসিত হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন