ভূঞাপুরে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ১১ ফার্মেসিকে জরিমানা

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৬:৪৯ পিএম
ভূঞাপুরে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ১১ ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়মবহির্ভূতভাবে অ্যান্টিবায়োটিক বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১১টি ফার্মেসি মালিককে মোট ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভূঞাপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এবং জেলা ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল। এ সময় বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালিয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, সরকারি নিষিদ্ধ ওষুধ মজুত এবং মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে ড্রাগ অ্যাক্ট অনুযায়ী সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে বিভিন্ন পরিমাণে আর্থিক দণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, "অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ এবং বাজারে ওষুধের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

জেলা ওষুধ প্রশাসন সূত্র জানায়, লাইসেন্সবিহীন ও নিয়ম না মেনে ওষুধ বিক্রি করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জেলাজুড়ে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। আজকের অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। হঠাৎ এই অভিযানে পৌর শহরের ফার্মেসি মালিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জেএইচআর