খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি জোনের অন্তর্গত কুকিছড়াপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের একটি সম্মিলিত দল এই ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কুকিছড়াপাড়ার একটি বাড়িতে ইউপিডিএফ (মূল) দলের ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ অবস্থান করছে। সেনাসদস্যরা ওই এলাকা ঘেরাও করার সময় তনিমং মারমা নামে এক ব্যক্তির বাড়ি থেকে দুই সন্ত্রাসী পাশের ছড়ায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ঘন অন্ধকার ও দুর্গম পাহাড়ের সুযোগ নিয়ে তারা জঙ্গলে গা ঢাকা দিতে সক্ষম হয়।
পরবর্তীতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ০১টি দেশীয় পিস্তল, ০১টি দেশীয় পাইপ গান, ০৬ রাউন্ড পিস্তলের গুলি এবং ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সশস্ত্র সন্ত্রাসীদের দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন