ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে মো. আনোয়ার হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন উত্তর নলকুড়া গ্রামের বাসিন্দা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, চোরাচালানের উদ্দেশ্যে আনোয়ার হোসেন অবৈধভাবে সীমান্ত পার হয়ে প্রায় ৩০০-৩৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে তারকাঁটার নিকটবর্তী এলাকায় অজ্ঞাতনামা একদল ভারতীয় নাগরিকের হামলার শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় কোনোমতে বাংলাদেশে ফিরে এলে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। গোয়েন্দা তথ্যে জানা গেছে, এর আগেও তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় হামলার শিকার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে সীমান্ত এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ ও ঝুঁকিপূর্ণ কার্যক্রম বন্ধে বিজিবির ২৪ ঘণ্টা টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন