জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কারিগরি শিক্ষা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. নাসির উদ্দিন। তিনি মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের গণিত বিভাগের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের পাশাপাশি তিনি উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ কারিগরি শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত হন।
মো. নাসির উদ্দিন ৩৮তম বিসিএস (নন-ক্যাডার) থেকে ২০২১ সালে কারিগরি শিক্ষা বিভাগে যোগদান করেন। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা এই শিক্ষক মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এক বছর একাডেমিক ইনচার্জ এবং ২০২৪ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষের (রুটিন দায়িত্ব) দায়িত্ব পালন করেছেন। একজন মেধাবী ও দক্ষ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানটিতে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে।
নাসির উদ্দিনের পাশাপাশি তাঁর প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী আতিফা জাহান আলো জেলা পর্যায়ে কারিগরি শাখার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। একই সঙ্গে মাদারগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে চারটি ট্রেডে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের এমন ধারাবাহিক সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি কারিগরি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন