গাইবান্ধার সাঘাটায় পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে টেপা পদুমশহরের ‘মেসার্স বি এম কে-২ ব্রিকস’-এর মালিককে ৫ লাখ টাকা, বাটি গ্রামের ‘মেসার্স এ আর বি ব্রিকস’-এর মালিককে ৪ লাখ টাকা এবং হাপানিয়া গ্রামের ‘মেসার্স সেভেন স্টার ব্রিকস’-এর মালিককে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত মালিকরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শের আলম। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোমেন পাল ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, লাইসেন্সবিহীন এসব ইটভাটা বায়ুদূষণ ও পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযানে পুলিশ ও র্যাব সদস্যরাও অংশ নেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন