ফরিদগঞ্জে বিএনপির ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৪:১৯ পিএম
ফরিদগঞ্জে বিএনপির ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতি শনিবার দেশব্যাপী পালন করা এ কার্যক্রমের আওতায় এই কর্মসূচি পালন করা হয়।

শনিবার দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে থেকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অভিযান শুরু হয়। 

এ সময় নেতাকর্মীরা উপজেলা সদরের প্রধান সড়কের দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি তারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করেন এবং ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীর নেতৃত্বে অভিযানে অংশ নেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, গোলী বাবুল, বিএনপি নেতা আলমগীর হোসেন, সেলিম রাঢ়ী, পেয়ার আহাম্মদ, মিজানুর রহমান, মাহমুদ পাটওয়ারী, যুবদল নেতা শাওন পাঠান, ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন ও মুহিন আহাম্মদসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

স্থানীয়রা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করলে জনসচেতনতা বাড়বে এবং মশাবাহিত রোগ প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে।

জেএইচআর