ফেনীতে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:৩১ পিএম
ফেনীতে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে জুলাই আন্দোলনের সময় মহিপালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার আসামি ও সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ডালিম ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার ভোরে রাজধানীর পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, ডালিম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে সংঘটিত গণহত্যার ঘটনায় ফেনী মডেল থানায় ডালিমের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, মহিপালের সহিংসতার ঘটনায় দায়ের করা ৬টি মামলায় তাঁকে আসামি করা হয়েছে। এছাড়া ফেনী মডেল থানায় তাঁর বিরুদ্ধে আরও ৩টি নিয়মিত গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফেনী মডেল থানা পুলিশের একটি দল ডালিমকে নিয়ে ঢাকা থেকে ফেনীর পথে রয়েছেন। তাঁকে ফেনী পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ও হামলার ঘটনায় অসংখ্য প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

জেএইচআর