দেশের নিরাপত্তা, জঙ্গি বিমান শনাক্তকরণসহ জাতীয় হুমকি মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে এখন শিক্ষার্থীরা ভাবছে। এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
রোববার সকালে রাজশাহীর পবা উপজেলা পরিষদ চত্বরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একসময় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা সাধারণ বিষয় উপস্থাপন করত, কিন্তু এখন তারা রাষ্ট্রের নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে কাজ করছে। “এটি আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক,” যোগ করেন তিনি।
স্বাধীনতার প্রায় ৫৫ বছর পূর্তির প্রাক্কালে এ ধরনের আয়োজন আশার বার্তা দিচ্ছে উল্লেখ করে এমপি মিলন বলেন, বর্তমান প্রজন্ম বইয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের সমস্যা সমাধানে মনোযোগী হচ্ছে। দেশের উন্নয়নে সবাইকে আরও পরিশ্রমী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশের তুলনায় কম কাজ করার প্রবণতা থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তরুণদের মেধা বিকাশ দ্রুত হয় উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রযুক্তি আয়ত্ত ও উদ্ভাবনে তাদের সম্ভাবনা বেশি। ছাত্রসমাজকে উন্নয়নশীল দেশের বড় শক্তি আখ্যা দিয়ে তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।
‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি স্টল স্থান পায়। স্টলগুলোতে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন বিজ্ঞানমনস্ক ও দক্ষ প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন