নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৪:১৯ পিএম
নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে ৫ বছর বয়সী ফাতেমা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক।

নিহত শিশুটি মধুপুর উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার আবু সামার মেয়ে। আবু সামা পেশায় একজন টেইলার্স ব্যবসায়ী।

পুলিশের ধারণা, প্রতিবেশী মাদকাসক্ত চাচাতো ভাই মেয়েটির গলায় থাকা স্বর্ণের চেইন নেওয়ার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটাতে পারে। মাদকাসক্ত ওই ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল শনিবার সকাল থেকে মেয়েটি তার নিজ বাড়ি থেকে হঠাৎ করে উধাও হয়। এরপর রাত পর্যন্ত আশপাশের বাড়ি ও বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন সামাজিক মাধ্যমে নিখোঁজের খবর প্রচার করে।

এর একদিন পর পাশ্ববর্তী ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ খুঁজে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইলে পাঠানো হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মধুপুর থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকাসক্ত ওই ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এএন