হামের সংক্রমণ প্রতিরোধে বরিশাল সিটি করপোরেশনে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীর মল্লিকা কিন্ডারগার্টেনে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন।
এ সময় সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস জাহান বলেন, হাম প্রতিরোধের জন্য সরকার গুরুত্ব সহকারে সর্বাত্মক প্রচেষ্টা শুরু করেছে। তারই অংশ হিসেবে আজ থেকে সিটি করপোরেশন এলাকায় টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে।
চিকিৎসকরা জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এ টিকা প্রদান করা হচ্ছে।
এদিকে, অভিভাবকদের মধ্যে বেশ সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। তারা স্বতঃস্ফূর্তভাবে শিশুদের টিকা দিতে কেন্দ্রে নিয়ে এসেছেন।
বরিশাল সিটি করপোরেশনের অধীনে ৪২ হাজার ২১০ শিশুকে হামের টিকা প্রদান করা হবে। আগামী ১০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এর আগে গত ৫ এপ্রিল বরিশাল বিভাগের ৪টি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন