বরিশাল নগরীর ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বিশেষ অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। রোববার সকালে নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সংলগ্ন নগর ভবন এলাকা থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ব্যবসা চালিয়ে আসছিল। এতে সাধারণ পথচারীদের চলাচলে চরম বিঘ্ন ঘটছে। উচ্ছেদ অভিযানের আগে সম্প্রতি পুরো এলাকায় মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিলেও যারা নেয়নি, তাদের স্থাপনাগুলো আজ ভেঙে দেওয়া হচ্ছে। নগরীকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এই অভিযান পর্যায়ক্রমে সব এলাকায় অব্যাহত থাকবে।
এদিকে উচ্ছেদের শিকার হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, ফুটপাতে দোকানদারি করেই তাদের সংসার চলে। হঠাৎ করে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। উচ্ছেদ করার আগে তাদের জন্য বিকল্প কোনো পুনর্বাসন বা ব্যবসার জায়গার ব্যবস্থা করলে ভালো হতো বলে তারা দাবি জানান।
শহরের প্রধান সড়কগুলো দখলমুক্ত করার এই উদ্যোগকে সাধারণ নগরবাসী স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ফুটপাত দখলমুক্ত হলে নগরীতে যানজট কমবে এবং পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন