সরকারকে গণভোটের রায় ও জুলাই সনদ মেনে নেওয়ার আহ্বান জানিয়ে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার জনদাবি মানবে না, ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে। রোববার বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের টালবাহানার’ প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েম রুপম ও এনসিপি নেতা একরামুল হক আবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।
সমাবেশে বক্তারা বলেন, যে সরকার জনগণের ভাষা বোঝে না, সেই সরকারকে নিয়ে জনগণ আর তামাশা সহ্য করবে না। অবিলম্বে জনরায় বাস্তবায়ন করতে হবে, না হয় ক্ষমতা ছাড়তে হবে।
সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন