মহেশপুর ফতেপুরে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও বাণ ফোঁড় মেলা শুরু

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৩৭ পিএম
মহেশপুর ফতেপুরে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও বাণ ফোঁড় মেলা শুরু

পহেলা বৈশাখের আমেজে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বকুলতলা বাজার এখন এক উৎসবের মাঠে পরিণত হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে প্রায় দুইশ বছরের পুরনো ঐতিহ্যবাহী চড়ক পূজা ও বাণ ফোঁড়ের মেলা।

সোমবার সকাল থেকেই আশপাশের গ্রামগুলো থেকে দলে দলে মানুষ মেলায় ভিড় করতে শুরু করেছেন। মেলায় মাটির খেলনা, ঐতিহ্যবাহী মিষ্টি ও হরেক রকম নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ঢাকের শব্দ আর দর্শনার্থীদের কোলাহলে পুরো বকুলতলা বাজার এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

মেলা সংশ্লিষ্টরা জানান, সনাতন ধর্মাবলম্বীরা পঞ্জিকা মেনে নববর্ষ উদযাপন করায় আগামী বৃহস্পতিবার (২রা বৈশাখ) বিকেলে চড়ক পূজার মূল আসর বসবে। সেদিন ৯ জন সন্ন্যাসী বাণ ফোঁড়ার পর চড়ক গাছে উঠে ঘুরবেন। এই রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে প্রতি বছরই দূর-দূরান্ত থেকে হাজারো মানুষের সমাগম ঘটে।

মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের সহযোগিতায় ধর্মীয় বিধি মেনে নিরাপদ ও সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয়দের মতে, এই মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি ওই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও গ্রামীণ সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয়েছে।

জেএইচআর