ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্ন এবং উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি পরিবহনকে ৫টি পৃথক মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালীন বিভিন্ন যানবাহন থেকে ৬টি অবৈধ হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে।
জরিমানার পাশাপাশি শব্দদূষণ রোধে জনসচেতনতা বাড়াতে প্রায় ২০টি বাস, ট্রাক ও অটোরিকশায় সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। পরিবেশ রক্ষায় উচ্চশব্দ ব্যবহারের কুফল সম্পর্কে চালকদের সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান জানান, জনস্বার্থে ও জনস্বাস্থ্য রক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন