ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০২:০০ পিএম
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখর ছিল ঝালকাঠি। জেলা প্রশাসনের উদ্যোগে লোকজ মেলা, হা-ডু-ডু প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় পহেলা বৈশাখ।

মঙ্গলবার সকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ঝালকাঠি শিশু পার্কের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বৈশাখের গান ও সাংস্কৃতিক পরিবেশনা। গ্রামগঞ্জজুড়ে বসে বৈশাখী মেলা, যেখানে ছিল মুড়ি-মুড়কি, লোকজ খাবার ও ঐতিহ্যবাহী পণ্যের সমারোহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মো. শাহাদাৎ হোসেন এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের প্রতীক। নতুন বছরের প্রথম দিনটি সবাইকে সম্প্রীতি, সহমর্মিতা ও গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানায়।

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। নতুন বছরকে স্বাগত জানিয়ে উৎসবে অংশ নেন সব বয়সী মানুষ।

এএন