চুয়াডাঙ্গায় অবৈধভাবে তেল মজুদের দায়ে দুই জনের জরিমানা ও কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:০৮ পিএম
চুয়াডাঙ্গায় অবৈধভাবে তেল মজুদের দায়ে দুই জনের জরিমানা ও কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে উপজেলার মেসার্স পিয়াস ফিলিং স্টেশন এবং বালিহুদা গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দকৃত ডিজেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের মেসার্স পিয়াস ফিলিং স্টেশনে অবৈধভাবে তেল মজুদের সংবাদ পেয়ে টাস্কফোর্সের সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পেট্রোলিয়াম আইনে ফিলিং স্টেশনের ম্যানেজার নজরুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

পৃথক আরেকটি অভিযানে উপজেলার বালিহুদা গ্রামে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে আতিয়ার রহমান নামে এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জমির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধীদের জরিমানার পাশাপাশি কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশ, বিজিবি এবং প্রশাসনের সমন্বয়ে গঠিত এই টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল ইসলাম রাসেল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ এবং বিজিবি সদস্যরা। জব্দকৃত ডিজেল কৃষকদের মাঝে বিক্রির ফলে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে।

জেএইচআর