গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ক্যাম্পাসে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী বিশেষ নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এই অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং দায়িত্বরত কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নিরাপদ পরিবেশ অপরিহার্য। তিনি উপস্থিত কর্মীদের সততা, আন্তরিকতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
দিনের দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত কারিগরি অধিবেশনে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা।
এই সেশনে অফিস ম্যানেজমেন্ট, জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল এবং মানবিক আচরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। গাকৃবির নিরাপত্তায় নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীরা এই প্রশিক্ষণে অংশ নেন। সংশ্লিষ্টরা মনে করেন, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন