অর্থাভাবে চিকিৎসা অনিশ্চিত, কুকুরের কামড়ে শিশুর চোখ-মুখে গুরুতর ক্ষত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৪৯ পিএম
অর্থাভাবে চিকিৎসা অনিশ্চিত, কুকুরের কামড়ে শিশুর চোখ-মুখে গুরুতর ক্ষত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কুকুরের কামড়ে তাহমিমা খাতুন নামে আড়াই বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি বাড়িতে চিকিৎসাধীন থাকলেও দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বেলা দেড়টার দিকে গোসলের জন্য ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি কুকুর তাহমিমার ওপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরের কামড়ে শিশুটির কপাল, চোখ ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর হয়ে খুলনা সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে তাকে জলাতঙ্কবিরোধী টিকা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক হেলেনা আক্তার জানান, সরকারিভাবে জলাতঙ্কবিরোধী টিকার সংকট থাকায় অনেক সময় রোগীদের উচ্চতর চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হচ্ছে। এদিকে বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে কিছু সহায়তা দেওয়া হয়েছে। তবে শিশুটির দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন বলেন, এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঝুঁকি বেড়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে শিশু তাহমিমার পরিবার তার উন্নত চিকিৎসার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছে।

জেএইচআর