হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে স্পিকারের অনুমোদনক্রমে এ মনোনয়ন দেওয়া হয়।
মনোনীত সদস্যরা হলেন- আলহাজ্ব মো. জি কে গউছ, সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন (হুইপ, জাতীয় সংসদ) এবং আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, সংসদ সদস্য, হবিগঞ্জ-২ আসন।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলো সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ, যা প্রতিষ্ঠানের প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ ও প্রজ্ঞাসম্পন্ন সংসদ সদস্যদের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সদস্য মনোনয়ন বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সহায়ক হবে। পাশাপাশি, নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যরা প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করতে কার্যকর ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন