রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ।
বৃহস্পতিবার ভোররাতে দৌলতদিয়া পদ্মা নদীর মোহনায় গায়া ফ্যাশন জাল ফেলে এই বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে জাফরগঞ্জের জেলে সুব্রত হলদারের জালে।
পরে মাছটি সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসলে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১৮’শ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় উন্মুক্ত নিলামে কিনে নেন।
এ সময় কাতল মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। পরে মাছটি ১৯’শ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় ঢাকার এক শিল্পপতির নিকট বিক্রি করেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, বর্তমানে নদীতে মাঝেমধ্যেই জেলেদের জালে বিভিন্ন প্রকারের বড় মাছ ধরা পড়ছে।
এসব মাছ বেশির ভাগ ফ্যাশন জালে ধরা পড়ে। এ ধরনের পদ্মার মিঠা পানির মাছ খেতে খুবই সুস্বাদু হয়। এ মাছগুলো সাধারণত বড় বড় ব্যবসায়ীরা কিনে থাকেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন